মিথষ্ক্রিয়া
১
‘আমি ডুবতে রাজি আছি’।
জানো ডুবতে? জানা যায়? সঞ্চারী মানুষীর বক্ষে
দু’বেলা যে একতারা বেজে যায়, তুমি শুনেছ তার বোল?
নিয়েছ কি মাটির ঘ্রাণ? না কি তুমি শুধু দুন্দুভির খোঁজে –
ডুবতে গেলে হাঁটু কেঁপে যায় কিন্তু, ‘আমি তরল হয়ে যাচ্ছি
বহমান, আবহমান
আমার চোখে তুমি ঘোর দেবে না, দেবে না বলছি’
বলতে হয়, খুব অস্পষ্টে কানে কানে।
২
এ শতাব্দীর সেরা চুমুটা আমি দিয়ে ফেলেছি সোনালিয়াকে।
তাই হৃদয় এখন ঘোলাটে,
হৃদপিন্ড পুরোনো পেশী
যা চাই তাই পেতে পারতাম,
তবু পুনর্জন্ম চেয়েছি এখন –
তার সব ব্যথা, দুর্বিপাক নিয়ে
আজ আমার পুনর্জন্মের প্রথম দিন।
৩
আজ তুমি শ্রান্ত। আজ তুমি চুপ থাকতে চাও, অথচ
কেউ একটা পায়ে পায়ে ঘুরুক
নিয়ে আসুক এক ভাঁড় লপচু চা –
অথচ নাম ধরে কেউ ডাকবে না
অথচ জানাবে না চা এসেছে বেডরুমে
শুধু নামিয়ে দিয়ে সাইড টেবিলে, একবার আড়চোখে
চেয়ে
ছড়িয়ে দেবে তার ধমনীস্পন্দের নির্বাক সম্ভার।